সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। এজন্য বর্তমান বিশ্বে সংস্কৃতিক কুটনীতি অত্যান্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সাথে মেল বন্ধন সম্ভব যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না। মন্ত্রী খুলনাবাসীর দাবির প্রেক্ষিতে জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা করেন। তিনি আজ ১৬ আগষ্ট দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সন্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, খুলনা – ১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় নজরুল সম্পর্কে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু: বিল্লাল হোসেন খান। মতবিনিময় সভায় বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্য প্রেমী, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ সামাজিক – সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।