কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) বাদ মাগরিব কুয়েতের রাজধানীর রাজবাড়ী মিলনায়তনে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে মাহফিল সঞ্চালনা করেন মোহাম্মদ সাইদুল হক সাঈদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তাজুল ইসলাম। পরে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন নাতখাঁন গিয়াসউদ্দিন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন তাওহিদুল ইসলাম তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ মাওলানা কাউসার। বিশেষ বক্তা ছিলেন মাওলানা সৈয়দুল হক আবদুল্লাহ ও প্রকৌশলী কে এম এরশাদ।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন আহম্মদ আজিজ, তাওহিদুল আলম সিয়ান, হাসান জাবেদ, তাওহীদ চৌধুরী, কামাল উদ্দিন, টিপু চৌধুরী, আজিম উদ্দিন মনসুর, বেলাল উদ্দিন ও আবু জাফর। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন।
আলোচনায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও জশনে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানেরা ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে আসছেন। মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তারা তাঁদের বক্তব্য তুলে ধরেন।
গাউসিয়া কমিটি কুয়েত শাখার নেতারা জানান, প্রায় ৩০ বছর ধরে কুয়েতে নিয়মিতভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ ধরনের মাহফিল আয়োজন করা হচ্ছে। তাঁদের দাবি, এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখছে।
মাহফিলের শেষপর্বে সালাতু সালাম, মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।