কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হ্নীলা বিওপির সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬ / ০৪ আশ্বিন ১৪৩৩) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর আনুমানিক রাত ৩টার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ‘শ্মশান ঘাট’ এলাকায় অবস্থান নেয়। এ সময় মায়ানমার সীমান্ত পেরিয়ে বস্তা হাতে চারজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতের বস্তাগুলো শ্মশান ঘাটের কাছে ফেলে রেখে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তার ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী ৪০টি কাটে মোট ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার কোনো মালিক পাওয়া যায়নি। পরে পুরো এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”