
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। মঙ্গলবার রাতে ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সালাহউদ্দিনের সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি রয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। তবে জানা গেছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজই হবে তার জাতীয় দলের সঙ্গে শেষ দায়িত্ব। আজই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই দশকের কোচিং অভিজ্ঞতা নিয়ে সালাহউদ্দিন বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০–১১ মৌসুমে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ৪ প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দেন। তার অধীনে সিঙ্গাপুরের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক স্বীকৃত লেভেল ৩ কোচিং সনদধারী সালাহউদ্দিনকে বাংলাদেশের অন্যতম সফল দেশীয় কোচ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে চ্যাম্পিয়ন করেছেন।
সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কোচিংয়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের মতো ক্রিকেটাররা নিজেদের দক্ষতা শাণিত করেছেন। বিসিবি থেকে তার বিদায় বাংলাদেশের কোচিং কাঠামোয় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা