বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই আলোচনায় মোহাম্মদ আশরাফুল। প্রশংসা ও সমালোচনার এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে সাবেক পেসার রুবেল হোসেনের ফেসবুক পোস্ট। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন আশরাফুল নিজেই।
আশরাফুলের নিয়োগের খবর প্রকাশের পর রুবেল নিজের ফেসবুকে লেখেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ কিছুক্ষণ পর আরেক পোস্টে লেখেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা!’—যদিও কারও নাম উল্লেখ করেননি, ক্রিকেটপ্রেমীদের কাছে স্পষ্ট ছিল ইঙ্গিত আশরাফুলের দিকেই।
এ নিয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন,
“আমি ঠিক জানি না ও (রুবেল হোসেন) কাকে মিন করেছে। একেক জনের ব্যক্তিগত মতামত থাকতেই পারে।”
নিজের অতীত প্রসঙ্গে আশরাফুল বলেন,
“আমার জীবনে যা হয়েছে আমি প্রকাশ্যে স্বীকার করেছি। ওই পর্ব শেষ করে আমি এখানে। সেই অধ্যায় শেষ।”
২০১৩ সালে স্পট-ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। পরে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ক্রিকেটে ফেরেন। যদিও জাতীয় দলে আর খেলা হয়নি, কিন্তু তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলেন কোচ হিসেবে। আমিরাতের আবুধাবিতে আইসিসি স্বীকৃত লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করেন তিনি।
বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন আশরাফুল, যেখানে তিনি মূলত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া এনসিএল টি–২০ টুর্নামেন্টে বরিশালের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে চলমান বিতর্কের জবাবে তিনি বলেন,
“আমার কোনো মন্তব্য নেই। কারণ যা হওয়ার, তা হয়েই গেছে। এমন না যে দুনিয়াতে শুধু আমি একাই এসব করেছি বা শাস্তি পেয়েছি। তবে এটাও সত্য, আমি ছিলাম প্রথম ব্যক্তি, যিনি স্বেচ্ছায় ফিক্সিংয়ের বিষয়টি স্বীকার করেছি। বিশ্বে কেউ স্বীকার করেনি।”
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করবেন দেশের একসময়ের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।