বান্দরবানের আলীকদম উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। শুক্রবার রাতে ও শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনার কথা জানতে পেরে অভিযুক্ত ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে আঘাত করে হাত ভেঙে দিয়েছেন ভুক্তভোগী শিশুর বাবা। পরে শিশুটি ও অভিযুক্ত ব্যক্তি উভয়কেই চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম মোস্তাক আহম্মদ (৫৫), যিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুটির সৎ নানা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত পরিবার একই এলাকার বাসিন্দা। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে অভিযুক্ত মোস্তাক আহম্মদ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে ডেকে নেন এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনা শেষে বিষয়টি কাউকে না বলার শর্তে শিশুটির হাতে একশত টাকার একটি নোট তুলে দিয়ে তাকে তা গোপন রাখতে বলা হয়।
শনিবার সকালে শিশুটির হাতে ওই একশত টাকার নোটটি দেখে সন্দেহ হলে তার বাবা টাকার উৎস জানতে চান। একপর্যায়ে শিশুটি তার বাবার কাছে আগের দিনের পুরো ঘটনা খুলে বলে। মেয়ের মুখে এমন নির্মম নির্যাতনের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন বাবা। তিনি তৎক্ষণাৎ অভিযুক্ত মোস্তাক আহম্মদের বাড়িতে গিয়ে লোহার পাইপ দিয়ে তার ডান হাতে স্বজোরে আঘাত করেন। এতে অভিযুক্ত ব্যক্তি গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য এবং অভিযুক্ত মোস্তাক আহম্মদকে আহত অবস্থায় স্থানীয় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পুরো বিষয়টি জানাজানি হয়।