কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (১৬-০৮-২০২৬ইং) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোগীর অভিভাবকের অসাবধানতার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার পরপরই তা নিভে যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।
হঠাৎ আগুনের সূত্রপাত দেখতে পেয়ে চতুর্থ তলায় থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপত্তার জন্য দ্রুত হাসপাতালের নিচে নেমে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
অনাকাঙ্ক্ষিত এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি রোগী, রোগীর স্বজন এবং চকরিয়া উপজেলার সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন চকরিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন ।