1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রংপুর মেডিকেলে বড় পরিবর্তনের ঘোষণা: ২০ আইসিইউ বেড, সিসিটিভি, পুলিশ ক্যাম্প, দালালমুক্ত সেবার অঙ্গীকার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

রংপুর মেডিকেলে বড় পরিবর্তনের ঘোষণা: ২০ আইসিইউ বেড, সিসিটিভি, পুলিশ ক্যাম্প, দালালমুক্ত সেবার অঙ্গীকার

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ

উত্তরাঞ্চলের সর্ববৃহৎ সরকারি চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপ দিতে একগুচ্ছ তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য (মন্ত্রী) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি।
বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, উত্তরাঞ্চলের দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই হাসপাতাল। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে হাসপাতালের সেবার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সমস্যা ধাপে ধাপে সমাধান করে জনগণের আস্থার প্রতিষ্ঠানে হাসপাতালটিকে পরিণত করা হবে।
তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে বিদ্যমান ১০টি আইসিইউ শয্যার সঙ্গে আরও ১০টি শয্যা যুক্ত করে মোট ২০টি আইসিইউ বেড চালু করা হবে। একই সঙ্গে কেবিনে ভর্তি রোগীদের সঙ্গে একজন স্বজন থাকার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অস্ত্রোপচার কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে অ্যানেস্থেশিয়া-সংক্রান্ত সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি অস্ত্রোপচার কোনো অবস্থাতেই বন্ধ রাখা হবে না বলেও তিনি জানান।
হাসপাতালে লাশ পরিবহনকে কেন্দ্র করে সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অ্যাম্বুলেন্স সেবায় স্বচ্ছতা আনতে নির্ধারিত ভাড়ার তালিকা, তালিকাভুক্ত অ্যাম্বুলেন্স এবং হাসপাতাল কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও মালিকপক্ষের সমন্বয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।
নিরাপত্তা জোরদারে আগামী এক মাসের মধ্যে হাসপাতালের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে হাসপাতাল চত্বরে উচ্চক্ষমতার আলোকসজ্জা স্থাপন করা হবে। এছাড়া হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ও পুলিশ কন্ট্রোল রুম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অননুমোদিত প্রবেশপথ বন্ধ এবং রোগীসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাসপাতালের সব কর্মচারীর জন্য পরিচয়পত্র (ফেস কার্ড) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগীর একজন স্বজনকে অ্যাটেনডেন্ট কার্ড দেওয়া হবে, যাতে তারা নির্বিঘ্নে হাসপাতালে অবস্থান করতে পারেন।
আউটসোর্সিং কর্মীর সংকট দূর করতে অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং রোগীদের হয়রানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আনসার সদস্যদের কাজে বাধা দেওয়া কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
স্বাস্থ্যসেবায় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের কোনো রাজনীতি নেই। হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রত্যেক মানুষ সমান সেবা পাওয়ার অধিকারী। চিকিৎসাসেবায় কোনো ধরনের বৈষম্য বা রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে অবকাঠামো উন্নয়ন হলেও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই তাঁকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়, তবে পরিকল্পিতভাবে প্রতিটি সমস্যার সমাধান করা হবে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক, নিরাপদ ও আস্থার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফুল, সংসদ সদস্য বেলাল হোসেন, সংসদ সদস্য সামসুজ্জামান সামু, হাসপাতালের পরিচালক, ঊর্ধ্বতন চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com