শেরপুর জেলার মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান। গত
সোমবার (২২ জুন) দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর এ কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিতে অগ্রগতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখায় ওসি মোহাম্মদ আশরাফুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, নালিতাবাড়ী থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।
এদিকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় নালিতাবাড়ী থানার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে নালিতাবাড়ী থানার পুলিশ জনগণের আরও কাছাকাছি থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করবে।