বৃষ্টি নামলেই বিদ্যালয়গামী শিক্ষার্থীদের হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হয়—এমন চিত্র দেখা গেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। বুধবার সকাল থেকে টানা বৃষ্টিতে বিদ্যালয়সংলগ্ন সড়কটি পানিতে ডুবে যায়, ফলে চরম দুর্ভোগে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সরেজমিনে দেখা যায়, পানিতে তলিয়ে থাকা সড়ক দিয়ে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা। কোথাও কোথাও রাস্তার অস্তিত্বই বোঝা যাচ্ছে না। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ মিজানুর রহমান জানান, এ বিদ্যালয়ে বর্তমানে ১৯৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। আশপাশের বেশ কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করে। তিনি বলেন, “দুঃখের বিষয় হলো, বর্ষা এলেই আমাদের দুর্ভোগের শেষ থাকে না। বিদ্যালয়ের প্রবেশ পথেই হাঁটুসমান পানি জমে যায়। দীর্ঘদিন ধরে সংযোগ সড়কটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।” দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তিনি।