বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল ওহাব নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত নেতা মো. আব্দুল ওহাবের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বক্তারা বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এ পদে মো. আব্দুল ওহাবের নির্বাচিত হওয়া সিরাজগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় এবং তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক, এস এম সোহেল রানা ফরহাদ (সাবেক সহ-সভাপতি, সদর থানা বিএনপি), সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিক, সিরাজগঞ্জ থানা যুবদলের সভাপতি এস এম ফরহাদ, সিরাজগঞ্জ জেলা যুবদলের নেতা গোলাম কিবরিয়া বরাত এবং স্বেচ্ছাসেবক দলের নেতা তানভীর শাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষকমণ্ডলী মো. আব্দুল ওহাবের সফলতা কামনা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য দোয়া করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।