চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ১১ মামলার পলাতক আসামি ও দুর্ধর্ষ ছিনতাইকারী নুরুল ইসলাম ওরফে ‘জাম্বু’ (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম’র নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহীন মিয়াসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুরুল ইসলামের পিতার নাম মৃত রুহুল আমিন। তার বাড়ি চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর কুড়িপুকুরপাড় এলাকায় কামালের ভাড়াঘরে, সুমনের বাড়ির সামনে।
ইপিজেড থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে মোট ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বিভিন্ন মামলায় পলাতক ছিলেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণ এবং চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।
গ্রেফতারের পর আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ইপিজেড থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।