কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর উদ্যোগে মুন্সীবাজার এলাকার নাইটম্যান (চৌকিদার)দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
গত রবিবার (১১ জানুয়ারি ২০২৬) মুন্সীবাজারে চেয়ারম্যানের নিজ কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সমাজের অবহেলিত ও দায়িত্বশীল এই কর্মীদের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া রহমান চৌধুরী হিমেল, সহ-সভাপতি মাওলানা মাশহুদ আহমদ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা উল্লেখ করেন, রাত জেগে মানুষের নিরাপত্তায় নিয়োজিত নাইটম্যানরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলেও অনেক সময় তারা অবহেলিত থাকেন। চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারের এই মানবিক উদ্যোগ তাদের মধ্যে স্বস্তি ও অনুপ্রেরণা যোগাবে।
স্থানীয়রা এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।