ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুইটি খাল পুনঃখনন প্রকল্পে মোট ২ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৮০৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকল্প শেষে ভ্যাট টেক্স সহ প্রায় দেড় কোটি টাকা ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে।
এ কর্মসূচির অগ্রগতি ও প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সরকারের অগ্রাধিকারভিত্তিক এ কর্মসূচির মাধ্যমে বর্ষা মৌসুমে কর্মহীন অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি মৃতপ্রায় খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক পানিপ্রবাহ সচল রাখা এবং কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে ১৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার বলেন, একসময় ৩নং কইচাপুর ইউনিয়নের করইকান্দা খালটি প্রায় জ্বালি ক্ষেতে পরিণত হয়েছিল। পুনঃখননের ফলে খালটি এখন তার স্বাভাবিক রূপ ফিরে পাচ্ছে। প্রকল্পের বাস্তব চিত্র দেখতে তিনি সাংবাদিকদের সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান।
প্রকল্পের তথ্য অনুযায়ী, কইচাপুর ইউনিয়নের করইকান্দা খাল পুনঃখনন প্রকল্পে ২০৮ জন শ্রমিক কাজ করছেন। ৩ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখননের জন্য শ্রমিকদের মজুরি বাবদ ৪৪ লাখ ৭৬ হাজার ৪৫ টাকা এবং নন-ওয়েজ খাতে ৪৫ লাখ ৩৫ হাজার ৯২২ টাকা বরাদ্দসহ মোট ৯০ লাখ ১৬ হাজার ২৬৬ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অন্যদিকে, সদর ইউনিয়নের কচুন্দরা খাল পুনঃখনন প্রকল্পে ২৯৭ জন শ্রমিক কাজ করছেন। ৫ কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখননের জন্য শ্রমিকদের মজুরি বাবদ ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা এবং নন-ওয়েজ খাতে ৬৪ লাখ ৭৯ হাজার ৮৮৮ টাকা বরাদ্দসহ মোট ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পুনঃ খননে মোট ১ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ১৬ টাকা অব্যয়িত থেকে সরকারি কোষাগারে ফেরত যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং অতিদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশিষ কর্মকার, উপজেলা আইসিটি অফিসার আশিকুল ইসলাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।