হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশনে চালু হতে যাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই (Wi-Fi) সেবা। তথ্যপ্রযুক্তির সুবিধা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এবং যাত্রীদের ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৩ আগস্ট ২০২৬ থেকে এ কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
জনকল্যাণমূলক এ উদ্যোগ নিয়েছেন মোঃ নাহিদ খান। তিনি নিদারাবাদ বাজার ও হরষপুর রেলস্টেশনের এশিয়া ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, হরষপুর রেলস্টেশন দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু হলে যাত্রীরা স্টেশনে অবস্থানকালে মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে জরুরি যোগাযোগ, অনলাইন তথ্য অনুসন্ধান, শিক্ষা, চাকরি ও বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে।
উদ্যোক্তা মোঃ নাহিদ খান বলেন, “বর্তমান সময়ে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। হরষপুর রেলস্টেশনে আসা যাত্রী ও সাধারণ মানুষ যাতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে জনসেবামূলক আরও কিছু কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে।”
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত রেলযাত্রীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু হলে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।
স্থানীয়রা আশা করছেন, ব্যক্তিগত উদ্যোগে নেওয়া এ জনকল্যাণমূলক কার্যক্রম হরষপুর রেলস্টেশনকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা