সীমান্ত পাহারার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের দুঃখ-কষ্টেও পাশে দাঁড়িয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। দুর্গম সীমান্ত এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য আয়োজন করা হয়েছে বিনা মূল্যে চিকিৎসাসেবা। চিকিৎসার পাশাপাশি দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ, আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী।
সোমবার (৩ আগস্ট) তুমব্রু বিজিবি বিওপির দায়িত্বপূর্ণ ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদ এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা কর্মসূচিতে প্রায় ৬০০ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
৩৪ বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে দুইজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে স্থানীয় অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাঁদের হাতে বিনা মূল্যে ওষুধ তুলে দেওয়া হয়।
এ ছাড়া স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।
সীমান্তের দুর্গম এলাকায় ৩৪ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ালে বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের সম্পর্ক ও আস্থা আরও দৃঢ় হবে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি সব সময় সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির মহাপরিচালকের ‘সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ হওয়ার ভিশনের অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ৩৪ বিজিবি।