নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
এ মামলায় অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। একই মামলায় মাসুদ মিয়া (২৮) ও রাহুল (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যান।
এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে স্থানীয়দের দেওয়া তথ্য ও পুলিশের তদন্তে জানা যায়, অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক। তারা সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম এবং থানা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ মোট ১৮ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর মাসুদ মিয়া ও রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা