শেরপুরে জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানি তেল পাচার রোধে পেট্রোল পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী, জেলা প্রশাসন ও জেলা পুলিশের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
সভায় আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় শেরপুর জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ পরিস্থিতি এবং বিক্রির ক্ষেত্রে সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং জ্বালানি তেল পাচার রোধে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি পেট্রোল পাম্পগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে অবৈধ মজুদদার ও জ্বালানি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
এ সময় সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শেরপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধিসহ পেট্রোল পাম্প মালিক, ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।