মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন 'তেওতা সমাজ কল্যাণ ও মাদক বিরোধী পরিষদ'-এর সদস্যরা। এলাকায় মাদক বিরোধী কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করায় চিহ্নিত মাদককারবারি ও তাদের মদদদাতারা ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তেওতা এলাকায় যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কাজ করে আসছে এই সামাজিক সংগঠনটি। সম্প্রতি এলাকায় একটি মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে তারা সোচ্চার ভূমিকা পালন করে এবং জনসচেতনতামূলক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এতে স্থানীয় মাদক সিন্ডিকেটের অবৈধ ব্যবসায় ধস নামার উপক্রম হলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।
পরিষদের সদস্যদের অভিযোগ, মাদকবিরোধী এই কার্যক্রমে বাধা সৃষ্টি করতে সংঘবদ্ধ চক্রটি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের রাস্তাঘাটে চলাচলে বাধা দেওয়া, প্রকাশ্যে ও গোপনে হুমকি প্রদান এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে। ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন সমাজ সংস্কারে কাজ করা এই স্বেচ্ছাসেবকরা।
পরিষদের একাধিক সদস্য জানান, সমাজ ও আগামী প্রজন্মকে বাঁচাতে তারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাতে তারা ও তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এভাবে চলতে থাকলে সামাজিক উন্নয়নমূলক ও মাদকমুক্তির কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে।
এ অবস্থায় তেওতা সমাজ কল্যাণ ও মাদক বিরোধী পরিষদের সদস্যরা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত মাদককারবারিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবালয় থানা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। এলাকার সচেতন মহলও এই মাদকবিরোধী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা