কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী এলাকায় অবস্থিত আওনাত শপিং সেন্টারের (২য় তলা) একটি ডেন্টাল প্রতিষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) অনুমোদিত ডেন্টাল সার্জন (BDS) ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, “নূর ডেন্টাল পয়েন্ট” নামে পরিচালিত প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা নূর আহমদ (নূর) নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বি.এসসি (ডেন্টাল), সি.এম.ইউ, এম.পি.এইচ (প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি) এবং ডি.এম.টি (ডেন্টাল), এস.এম.এফ.বি, ঢাকা উল্লেখ করে রোগী দেখছেন। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি বিএমডিসিতে নিবন্ধিত বিডিএস (BDS) ডেন্টাল সার্জন না হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের ডেন্টাল চিকিৎসা ও প্রেসক্রিপশন প্রদান করছেন। এছাড়া প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। রুগীর জটিল ও বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) আইন অনুযায়ী, বিডিএস ডিগ্রিধারী ও বিএমডিসি নিবন্ধিত ডেন্টাল সার্জনরাই দাঁত ও মুখের রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, যেমন রুট ক্যানেল, দাঁত অপসারণ, ডেন্টাল সার্জারি, প্রেসক্রিপশন প্রদান, ইমপ্ল্যান্ট, অর্থোডন্টিক চিকিৎসাসহ জটিল ডেন্টাল সেবা দেওয়ার আইনি অধিকার রাখেন।
অন্যদিকে, বি.এসসি (ডেন্টাল), ডি.এম.টি বা অনুরূপ কারিগরি ডিগ্রিধারীরা মূলত ডেন্টাল টেকনোলজিস্ট বা সহায়ক জনবল হিসেবে প্রশিক্ষিত। তারা নির্ধারিত সীমার মধ্যে এবং প্রয়োজনীয় তত্ত্বাবধানে কিছু কারিগরি বা সহায়ক কাজ করতে পারেন। তবে স্বাধীনভাবে বিডিএস ডাক্তারের মতো পূর্ণাঙ্গ চিকিৎসা, জটিল ডেন্টাল সার্জারি বা প্রেসক্রিপশন প্রদান আইনসম্মত নয়।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, “বিডিএস ডিগ্রিবিহীন ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি। এতে সংক্রমণ, ভুল চিকিৎসা ও স্থায়ী ক্ষতির ঝুঁকি রয়েছে। এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।”
তিনি আরও বলেন অবৈধ ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। স্থানীয় রফিক বলেন কম খরচের প্রলোভনে মানুষ ভুয়া চিকিৎসকদের কাছে গিয়ে পরে জটিলতা নিয়ে হাসপাতালে ছুটছেন। জনস্বার্থে এসব ক্লিনিকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রয়োজন।”
সচেতন মহলের দাবি, অবিলম্বে কক্সবাজারের সব ডেন্টাল ক্লিনিকের বৈধতা যাচাই করে লাইসেন্স ও BMDC নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান সিলগালা করতে হবে। একই সঙ্গে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানিয়েছেন তারা।