মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইসলামী দ্বীনি বিদ্যাপীঠ হিসেবে সুপরিচিত এবং জেলার একমাত্র কামিল মাদরাসা মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ফুকাহা পরিষদের উদ্যোগে ফিকাহ বিভাগের প্রথম ব্যাচের ফকিহদের বিদায় সংবর্ধনা, বর্ণাঢ্য সম্মাননা সেরিমনি এবং গবেষণামূলক মুখপত্র ‘আল ইফতা’–এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মাদরাসা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাজুল উলামা আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। মাদরাসার অধ্যক্ষ ও ফুকাহা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি মো. শামছুল ইসলাম–এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন ফুকাহা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো. লোকমান খান নবীন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফুকাহা পরিষদের গবেষণাভিত্তিক মুখপত্র ‘আল ইফতা’–এর মোড়ক উন্মোচন। অতিথিরা প্রকাশনাটির ভূয়সী প্রশংসা করে বলেন, ইসলামী ফিকাহ চর্চা ও উচ্চতর গবেষণার ক্ষেত্রে ‘আল ইফতা’ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
পরে ফিকাহ বিভাগের প্রথম ব্যাচে উত্তীর্ণ ফকিহদের হাতে প্রধান অতিথি সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের বিশেষ গ্র্যাজুয়েশন ক্যাপ ও আবায়া পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আমীনুল ইসলাম, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা কবিরুজ্জামান নিজামী, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক ও মাওলানা এম ফয়জুল ইসলাম।
বিদায়ী ফকিহদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মাওলানা মুফতি সিহাব উদ্দিন, মাওলানা মুফতি আব্দুল মুমিন সিরাজী, মাওলানা মুফতি শেখ জহিরুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুল মুকিত, মাওলানা মুফতি আশরাফুল আলম আজাদ, মাওলানা মুফতি হাফিজুর রহমান জুয়েল ও মাওলানা মুফতি শহীদুল হক। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবীন ফকিহদের দেশ ও জাতির কল্যাণে ফিকাহ শাস্ত্রের সঠিক জ্ঞান প্রচার ও প্রয়োগে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।