অ্যাডভোকেট পরিচয়ে কাল্পনিক মামলা! ভোলায় ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়ার অভিযোগ উঠেছে জুলিয়া রহমান বন্যা নামের এক নারীর বিরুদ্ধে। এসব হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রবিবার সকাল সাড়ে ১১টায় শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার দুই শতাধিক নারী-পুরুষ।
স্থানীয়দের অভিযোগ, ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলিয়া রহমান বন্যা দীর্ঘদিন ধরে নিজেকে অ্যাডভোকেট পরিচয় দিয়ে আসছে। এরপর মামলা দেওয়ার ভয় দেখিয়ে ও মিথ্যা মামলায় জড়িয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। বাদ পড়েননি নিজের সৎ ভাই কিংবা চাচাতো ভাইও! শুধু আদালত বা দেওয়ানি মামলাই নয়, বিভিন্ন প্রশাসনিক দফতরেও এই নারী ও তার মা একের পর এক কাল্পনিক অভিযোগ জমা দিয়ে পুরো এলাকা অস্থির করে তুলেছেন বলে দাবি এলাকাবাসীর।
এ সময় বক্তারা এই ব্ল্যাকমেইল ও ভুয়া মামলার জাল থেকে মুক্তি পেতে স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেন।