ভোলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের পকেট কেটে অতিরিক্ত টাকা আদায় ও অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত প্রবেশ ফি ৫ টাকা হলেও সাধারণ যাত্রীদের কাছ থেকে জোড়পূর্বক ১০ টাকা করে আদায় করা হচ্ছে।
নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ আদায় প্রাপ্ত তথ্যে দেখা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অনুমোদিত প্রবেশ টিকিটে স্পষ্ট অক্ষরে প্রবেশ ফি ০৫ (পাঁচ) টাকা উল্লেখ রয়েছে। কিন্তু ইজারাদারের প্রতিনিধিরা প্রতিটি টিকিটের বিপরীতে যাত্রীদের কাছ থেকে ১০ (দশ) টাকা আদায় করছেন।
চোখের সামনে এমন প্রকাশ্য অনিয়ম ও দুর্নীতি মেনে নিতে পারছেন না সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী টিকিটের গায়ে লেখা মূল্যের অতিরিক্ত টাকা দিতে আপত্তি জানালে এবং প্রতিবাদ করলে ইজারাদারের লোকজনের হাতে হেনস্তা ও দূরব্যবহারের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই ঘাট দিয়ে যাতায়াত করেন। প্রতি টিকিটে অতিরিক্ত ৫ টাকা করে আদায় করে প্রতিদিন লাখ লাখ টাকা পকেটে পুরছে অসাধু চক্রটি। ভুক্তভোগী যাত্রীরা অবিলম্বে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও কয়েকবার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং সর্বশেষ গত ঈদের সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান লঞ্চঘাট পরিদর্শনের পর কয়েকদিন টিকিট নির্ধারিত ৫ টাকা ফি নিলেও আবার যাত্রীদের ডাবল ফি গুনতে হচ্ছে।