চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে আহলে বাইত রাসুল (সা.)-এর স্মরণে আয়োজিত ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল বিশ্বশান্তি, সমগ্র দেশ-জাতি ও মানবকল্যাণ কামনায় আখেরি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। দরবার সূত্রে জানা যায়, ২১তম এ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয় ১৭ জুন বুধবার বাদ এশা। ২৬ জুন শুক্রবার রাতব্যাপী জিকির-আজকার, মিলাদ, কিয়াম, ধর্মীয় আলোচনা এবং আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। মাহফিলে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদেরা কারবালার ইতিহাস, শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শ আজও মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবন এবং আমিরুল আউলিয়ার শিক্ষা ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। মাহফিলে অসংখ্য আশেকে আমিরভান্ডারী, ভক্ত-মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। প্রতিদিন মিলাদ, কিয়াম, জিকির, দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। মাহফিল কমিটির সভাপতি শাহছুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরী স্বাগত বক্তব্য ও সমাপনী দিনে আখেরি মোনাজাত পরিচালনা করেন। তিনি বলেন, "কারবালার শিক্ষা মানুষের জীবনে সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। এ আদর্শ সমাজে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।" মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহসাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মুহাম্মদ কায়েস আমেরী, অর্থ সম্পাদক আশিক আমেরী, বখতিয়ার হামিদ, আলমগীর আলম, মুহাম্মদ সোহেল, রাজিব হোসেন, মিজানুর রহমান, মো. বয়ানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। আয়োজন সফল করতে সহযোগিতা করায় তাঁরা সকল ভক্ত, মুরিদ, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা