বর্ষা মৌসুম শুরু হলেও ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার অধিকাংশ অভ্যন্তরীণ খাল এখনো পরিষ্কার করা হয়নি। টানা কয়েক দিনের বৃষ্টিতে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত খালগুলো পরিষ্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে চলতি বর্ষায় ডিএনডি এলাকার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, ডেমরা অংশের মাতুয়াইল কোনাপাড়া, মুরগির ফার্ম, বাদশা মিয়া রোড, শান্তিবাগ স্টাফ কোয়ার্টার, হাজীনগর, বড়ভাঙ্গা, বোর্ড মিল, কোদাল ধোয়া, মাতুয়াইল নিউ টাউন, সাইনবোর্ড, সানারপাড়, পূর্ব হাজীনগর, গলাকাটাপুল সংলগ্ন নিমাইকাশারী, টেংরা এবং আশপাশের বিস্তীর্ণ আবাসিক এলাকার অভ্যন্তরীণ খালগুলো দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরে রয়েছে। এছাড়া পলিথিন, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে থাকায় খাল দিয়ে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে খাল দখল ও সংকুচিত হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা আরও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই খাল উপচে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
ডিএনডি এলাকার অধিকাংশ অংশ নিচু হওয়ায় সাম্প্রতিক কয়েক দিনের টানা বর্ষণে অনেক এলাকায় হাঁটুপানি জমেছে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় সড়ক, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর আগেই খাল পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের কথা থাকলেও এবার তা দৃশ্যমান নয়। তারা দ্রুত খাল খনন, কচুরিপানা ও বর্জ্য অপসারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা মাহবুব মনি বলেন, "বর্ষা মৌসুম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে চলতি বর্ষায় ডিএনডি এলাকার লাখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।"
এ বিষয়ে ডিএনডির দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ বলেন, "বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে ডিএনডি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রতি বছর বর্ষা শুরুর আগেই খাল পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়। তবে এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে ডিএনডির অভ্যন্তরীণ খালগুলোর ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসন নিয়ে একটি সমঝোতা প্রক্রিয়া চলমান রয়েছে। সমঝোতা সম্পন্ন হলে দুই সিটি করপোরেশন যৌথভাবে খাল পরিষ্কার, পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"
এদিকে বর্ষার শুরুতেই ডিএনডি এলাকায় জলাবদ্ধতার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুত খাল পরিষ্কার ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা না হলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা