দেশে উন্নতমানের পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধি এবং বীজের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ফরিদপুরের তাম্বুলখানায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ উৎপাদন বর্ষকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের ২২টি খামারের প্রধানরা অংশগ্রহণ করেন।
বিএডিসি সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থাটির সবজি বীজ বিভাগ এ সংক্রান্ত একটি সংশোধিত কর্মসূচি জারি করে। কর্মসূচির আওতায় দেশের ৯টি বীজ উৎপাদন খামার, একটি আলুবীজ উৎপাদন খামার, ৬টি উদ্যান উন্নয়ন কেন্দ্র, ৩টি এগ্রো সার্ভিস সেন্টার এবং ২টি সবজি বীজ উৎপাদন খামারে মোট ৪৩ দশমিক ১৬ একর জমিতে প্রায় ১৫ দশমিক ৮০ মেট্রিক টন গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রশিক্ষণে জানানো হয়, এ কর্মসূচিতে প্রধানত ‘এন-৫৩’, ‘বিএডিসি-০০৬ (গ্রীষ্মকালীন লাইন)’ এবং ‘বারি পেঁয়াজ-৫’ জাতের বীজ ব্যবহার করা হবে। উৎপাদিত বাল্বলেট পরবর্তীতে পেঁয়াজ বীজ উৎপাদনে কাজে লাগানো হবে, যা দেশে মানসম্মত বীজের প্রাপ্যতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট খামার ও কেন্দ্রগুলোকে বীজতলা প্রস্তুত, জমি তৈরি, জৈব ও রাসায়নিক সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা এবং অন্যান্য পরিচর্যা কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পেঁয়াজ পরপরাগায়িত ফসল হওয়ায় জাতের বিশুদ্ধতা রক্ষায় নিয়মিতভাবে অফ-টাইপ গাছ অপসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
প্রশিক্ষণে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদনে কোকোপিট ব্যবহারের আধুনিক প্রযুক্তি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। এতে কোকোপিটভিত্তিক বীজতলা প্রস্তুত, বীজ শোধন, পলিসেড নির্মাণ, সেচ ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন এবং কোকোপিট পুনঃব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যানের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মজিবর রহমান। এছাড়া বিএডিসির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, গবেষণা ও উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু উপযোগী ও উন্নত প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে পেঁয়াজ বাল্বলেট উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে দেশের পেঁয়াজ বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা