বাংলাদেশ স্কাউটসের রোভার শাখার দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন নারায়ণগঞ্জ জেলা রোভারের সরকারি তোলারাম কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. জসিম উদ্দিন। তাঁর এ অর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা রোভারের ইতিহাসে প্রথমবারের মতো এ মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জিত হলো।
২০২৫ সালের ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’-এর জাতীয় পর্যায়ের ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। সমাজসেবা, জনসচেতনতা সৃষ্টি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।এর আগে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মো. জসিম উদ্দিন বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করেন। ধারাবাহিকভাবে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে নতুন এ অর্জনকে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ স্কাউটসের রোভার প্রোগ্রামের আওতায় শিশুদের ১০টি মারাত্মক রোগ ও এসব রোগের টিকা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, সমাজসেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ ১৯৯৫ সাল থেকে ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়ে আসছে।
এ সম্মাননা অর্জনের প্রক্রিয়াটি বেশ প্রতিযোগিতামূলক। নির্ধারিত বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি সেসব কার্যক্রমের বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় প্রমাণসহ লগবই প্রস্তুত ও জমা দিতে হয়। এরপর নির্ধারিত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। ধারাবাহিকভাবে এসব ধাপ সফলতার সঙ্গে সম্পন্ন করার পর জাতীয় পর্যায়ে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন জসিম উদ্দিন।
জসিম উদ্দিনের এ সাফল্যে সরকারি তোলারাম কলেজ রোভার স্কাউট গ্রুপ, নারায়ণগঞ্জ জেলা রোভারসহ বাংলাদেশ স্কাউটসের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ অর্জন ভবিষ্যতে আরও তরুণ রোভার স্কাউটকে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।সমাজসেবায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে জসিম উদ্দিনের এ অর্জন নারায়ণগঞ্জের রোভার স্কাউটিং অঙ্গনে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।