ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণা এখন জমে উঠেছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট একে এম আনোয়ারুল ইসলাম চান মনোনয়ন পাওয়ার পর থেকে উপজেলার সর্বত্র গণসংযোগ ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সভা-সমাবেশ, পথসভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
নান্দাইলের বাসিন্দা নূর মোহাম্মদ ভূঁইয়া বলেন,চান ভাইকে প্রতিদিনই এলাকায় দেখা যায়। তিনি মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যা শুনছেন। অন্য প্রার্থীদের এখনও তেমন দেখা যায়নি।
এ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে জামায়াত ছাড়াও বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, খেলাফত মজলিসসহ বিভিন্ন দল অংশ নিচ্ছে। তবে এখন পর্যন্ত মাঠে সবচেয়ে দৃশ্যমান প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী শামসুদ্দিন আহমেদ বলেন নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর মজবুত অবস্থান রয়েছে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়েই এগিয়ে যাচ্ছেন আমাদের অ্যাডভোকেট একে এম আনোয়ারুল ইসলাম চান। আশা করি তরুণ ভোটাররাও তাকেই সমর্থন জানাবে।
অ্যাডভোকেট একে এম আনোয়ারুল ইসলাম চান বলেন নান্দাইল উপজেলার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গণসংযোগ করে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আমি তৃণমূল সাধারণ জনগণের কথা মনোযোগ দিয়ে শুনছি। জনগণের দিক-নির্দেশনার আলোকেই সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কাজ করবো, ইনশাআল্লাহ।