১৭ জুলাই বরগুনার পাথরঘাটা উপজেলার নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের পাঁচচুঙ্গা এলাকায় ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত বেড়িবাঁধের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক এলাকাবাসী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ত্রাণ নয়, চাই টেকসই স্থায়ী বেড়িবাঁধ” স্লোগানে স্থায়ী সমাধানের জোর দাবি জানান। বক্তারা বলেন, জিনতলা থেকে বাদুরতলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে নদীভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে। চর লাঠিমারা, পদ্মার ভাঙনকবলিত এলাকা ও রুহিতা গ্রামের হাজারো মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করছেন।
বক্তারা অভিযোগ করেন, ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হয়নি। বিভিন্ন সময়ে বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে মেরামত করা হলেও তা কোনো দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারেনি। ফলে সামান্য জোয়ার কিংবা দুর্যোগ এলেই লোনা পানি লোকালয় ও কৃষিজমিতে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিডরের পর থেকে অব্যাহত নদীভাঙনে বহু পরিবার ভূমিহীন হয়েছে। অনেকেই এখনো ভাঙা বেড়িবাঁধের ওপর অস্থায়ীভাবে বসবাস করছেন। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও হাজারো পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. মাহাবুর রহমান সুমন মোল্লা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. বিল্লাল হোসেন রাজু, সাবেক ইউপি সদস্য আব্দুস সত্তার খান, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন, সমাজসেবক নজরুল ইসলাম ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সগির আলম বলেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের একাধিক অংশ যেকোনো সময় ভেঙে পড়তে পারে। মাহাবুর রহমান সুমন মোল্লা বলেন, স্থায়ীভাবে কংক্রিট ব্লক বসিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই। বদিউজ্জামান সাহেদ বলেন, বিষখালী, বলেশ্বর ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এ অঞ্চল বছরের পর বছর ভাঙনের ঝুঁকি নিয়ে টিকে আছে।
জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. বিল্লাল হোসেন রাজু বলেন, “দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের আশায় মানুষ অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি, পাথরঘাটার কৃতি সন্তান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি মহোদয়ের আন্তরিক উদ্যোগে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।”
মানববন্ধন থেকে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাদের ভাষ্য, বারবার ত্রাণ নয়—নিরাপদ জীবন, বসতভিটা ও জীবিকার নিশ্চয়তাই এখন সবচেয়ে বড় দাবি।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা