বগুড়ার ধুনট থানায় দায়ের করা বিস্ফোরকসহ একাধিক ধারার মামলায় মোঃ আমিনুল ইসলাম রানা (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রানা ধুনট উপজেলার চিতুলিয়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার এফআইআর নং-৭, তারিখ ১০ ডিসেম্বর ২০২৫ এবং জিআর নং-২২৭ মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৩৪২/৩২৩/৫০৬/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৫/৬ ধারায় অভিযোগ রয়েছে।
মামলার তদন্তে আমিনুল ইসলাম রানাকে সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার (১৮ আগস্ট) ধুনট থানাধীন গোসাইবাড়ী সাতমাথা মোড়ের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।