মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া ছোট বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে একটি হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্তদের স্বজনরা।
পরিবারের দাবি, গত ২৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে দুলাল ডাক্তারের ভাড়াটিয়া রিন্টু মিয়ার তালাবদ্ধ ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরটির পাশেই সমাজসেবক ও ব্যবসায়ী ইদ্রিস মোল্লার তিনতলা বসতবাড়ি অবস্থিত। আগুন লাগার খবর পেয়ে ইদ্রিস মোল্লা, তার ছেলে ও পরিবারের সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় আগুন নেভাতে গিয়ে ইদ্রিস মোল্লার পুত্রবধূ আহত হন এবং তার ডান পায়ে ভাঙন ধরে বলে পরিবারের দাবি।
পরিবার আরও জানায়, ইদ্রিস মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তাদের দাবি, ২০১৭ সালে আব্দুল জলিল মিয়া বাদী হয়ে একটি সিআর মামলা (নং-১৬৮/১৭) দায়ের করেন। ওই মামলায় জলিল মিয়ার দলিল জাল প্রমাণিত হওয়ায় তিনি পাঁচ বছরের সাজা ভোগ করেন এবং মামলায় পরাজিত হন। পরে ৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে আব্দুল বারী বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় (মামলা নং-৬১/২০২৬) আরেকটি মামলা দায়ের করেন।
অভিযুক্তদের পরিবারের অভিযোগ, এসব মামলায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ২৬ জুনের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইদ্রিস মোল্লা, তার ছেলে আরিফ মোল্লা এবং ভাই রফিক মোল্লাকে আসামি করে নতুন মামলা করা হয়। একই রাতে পুলিশ রফিক মোল্লাকে গ্রেপ্তার করে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিবারের দাবি, অগ্নিকাণ্ডের সঙ্গে অভিযুক্তদের কোনো সম্পৃক্ততা ছিল না। বরং তারা আগুন নেভানোর কাজেই অংশ নিয়েছিলেন। পূর্ব শত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা