তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris van Bommel সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৮ জুলাই) রাজধানীর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান, যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য (Misinformation) ও অপতথ্য (Disinformation) থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে কার্যকর ও সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানার আগ্রহ প্রকাশ করেন।
জবাবে রাষ্ট্রদূত Joris van Bommel ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক নীতিমালা ও নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতা সম্পর্কে তথ্যমন্ত্রীকে অবহিত করেন। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা