রোগীদের বৃহত্তর স্বার্থে পেশাগত মূল্যবোধ এবং আন্তরিক চিকিৎসা সেবার অঙ্গীকারকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটের স্বনামধন্য আশ শেফা হসপিটাল (প্রাঃ) লিঃ-এ আবারও নিয়মিতভাবে চিকিৎসা সেবা প্রদান শুরু করেছেন ডা. হামিদা ইয়াসমিন জেসি।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, তার চিকিৎসা সেবার পথচলা শুরু হয়েছিল এই আশ শেফা হসপিটালেই। সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা, সম্মান এবং সহকর্মীদের সহযোগিতা তার হৃদয়ে গভীরভাবে গেঁথে রয়েছে। মাঝখানে কিছু মানুষের পরামর্শে পার্শ্ববর্তী অন্য একটি হাসপাতালে চেম্বার শুরু করলেও, সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেন যে একজন চিকিৎসকের জন্য শুধুমাত্র একটি চেম্বার নয়, বরং এমন একটি কর্মপরিবেশ প্রয়োজন যেখানে রোগীর কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং চিকিৎসক সম্মান ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে তার সর্বোচ্চ সেবা দিতে পারেন।
ডা. হামিদা ইয়াসমিন জেসি আরও জানান, ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে এবং রোগীদের বৃহত্তর স্বার্থে ও আস্থার প্রতি সম্মান জানিয়ে তিনি পুনরায় আশ শেফায় ফিরে এসেছেন। যারা তার এই পথচলায় এবং দুঃসময়ে খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন ও ভালোবাসা দিয়ে অনুপ্রাণিত করেছেন, তাদের প্রতি তিনি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমৃত্যু মানুষের সেবা করে যাওয়ার জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে চিকিৎসকের এই প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল ও রোগীরা। হাসপাতাল সূত্রে জানা যায়, তার এই নিয়মিত চেম্বার শুরুর ফলে এলাকার সাধারণ মানুষ আরও উন্নত ও আন্তরিক চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবে।