কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কথিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মনছুর আলম (৪২) গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বাহারছড়ার একটি দোতলা বসতবাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মনছুর আলম পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।
আটক মনছুর আলম বাহারছড়া এলাকার বাসিন্দা। তিনি জহির আহমদের ছেলে।
অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি সংরক্ষণ এবং বহনের দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা