জামালপুর সদর থানার ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কক্সবাজার থেকে যাত্রীবেশে একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জামালপুরে আনা হচ্ছে এই খবর পেয়ে জামালপুর সদর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন: এসআই শহিদুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, এএসআই আকরাম হোসেন, এএসআই আমির হামজা এবং কনস্টেবল মোঃ হেকমত আলী, মোঃ জহুরুল ইসলাম, মোশারফ হোসেন, ফাতেমা আক্তার, সাবিনা ইয়াসমিন, মুক্তা আক্তার, শ্রাবণী আক্তার।সকাল ৭টা ৩০ মিনিটে দড়িপাড়া এলাকার মেসার্স স্নিগ্ধা মোটরসের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে একটি সন্দেহজনক বাস থামিয়ে তল্লাশি করা হয়।এ সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি।
জব্দকৃত মালামাল:২২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা)।
আটককৃতরা হলেন: মোঃ আব্দুল মতিন (৪৭), পিতা মৃত হাসমত আলী, ডিগ্রীরচর পশ্চিমপাড়া, জামালপুর সদর। পূর্ব অপরাধমূলক ইতিহাস: ২০১৬ ও ২০১২ সালে মাদকসহ অন্যান্য মামলায় অভিযুক্ত।
মোছাঃ শাহিদা বেগম (৩৫), পিতা মোঃ আব্দুল সামাদ, স্বামী মোঃ আব্দুল মতিন, গ্রাম নুরুন্দি (ডিগ্রীরচর), জামালপুর সদর। পূর্ব অপরাধমূলক ইতিহাস: ২০২০ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার্জশিটভুক্ত।
জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন,নবনিযুক্ত ওসি মোঃ নাজমুস সাকিব যোগদানের পরপরই দক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেছেন। তাঁর পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের ফলে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি বাস জব্দ করা সম্ভব হয়েছে।এটি জামালপুর জেলা পুলিশের জন্য একটি বড় সাফল্য। মাদক আমাদের সমাজের জন্য মহামারী, আমরা এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।