জামালপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আওতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, জামালপুরের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক মৌসুমী খানম। তিনি তাঁর বক্তব্যে গ্রামীণ জনপদে দ্রুত ও সহজে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রমের গুরুত্ব এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর বিশদ আলোচনা করেন।
সভায় গ্রাম আদালতের সচেতনতা, প্রচার-প্রচারণা এবং বিচারিক কার্যক্রম নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর জেলা ব্যবস্থাপক (ডিস্ট্রিক্ট ম্যানেজার) মাহফুজা রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ… সুপার রাকিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম এবং জামালপুর প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক মঞ্জুরুল হক।
সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম এবং সাংবাদিক ফারুক আহমেদ ভূঁইয়াসহ জামালপুর জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় অংশীজনেরা।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে এর আইনি সেবা সম্পর্কে সচেতন করতে মাঠ পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।