সিলেট-৪ আসনে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে এক বছরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি বলেন, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এক বছরের মধ্যেই পাথর কোয়ারীসহ কর্মসংস্থানের ব্যবস্থা, সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করে গোয়াইনঘাটকে নতুনভাবে সাজিয়ে তুলব।
গত শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পিরেরবাজারে অনুষ্ঠিত তার সর্বশেষ নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, গত ১৭ বছরে সিলেট-৪ আসনে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এই অঞ্চলকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমি যেমন সিলেট সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তর করেছি, ঠিক তেমনিভাবে নির্বাচনের এক বছরের মধ্যেই সিলেট-৪ আসনকেও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার মানুষ উন্নয়নের বাস্তব ফল চোখে দেখবে।
বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আরিফুল হক চৌধুরী শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন প্রমাণিত উন্নয়নকর্মী। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন অল্প সময়েই তিনি যে পরিবর্তন এনে দেখিয়েছেন, তা আজও নগরবাসী স্মরণ করে। একইভাবে তিনি যদি সিলেট-৪ আসনের দায়িত্ব পান, তবে এক বছরের মধ্যেই গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে উন্নয়নের নতুন চিত্র ফুটে উঠবে।
তিনি আরও বলেন, এই এলাকার পাথর শ্রমিক, কৃষক, যুব সমাজ-সবাই কর্মসংস্থান ও উন্নয়নের অপেক্ষায় আছে। সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের বিকল্প নেই। রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম শ্বপন, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, মাহবুব আলম, জদিম উদ্দিন, ফয়সল আহমদ, এডভোকেট শাহাজান সিদ্দিকী, আব্দুস শহিদ, আব্দুল মালিক, কামরুল ইসলাম, ফরিদুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, রফিক আহমদ, উসমান গনী মেম্বার, শাহাবুদ্দীন শিহাব, সামছুল ইসলাম, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট নুর আহমদ, হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম মুমিন, সাদিক আহমদ, জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় রুস্তমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পিরেরবাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।