পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আকনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আর্থিক অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান পরিবর্তন অথবা উপযুক্ত প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় সর্বসাধারণ।
৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া ওই আবেদনে বলা হয়, আবু সাঈদ আকন দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িত রয়েছেন বলে অভিযোগকারীদের দাবি। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কারণে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও সাধারণ মানুষের নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, জেলা পরিষদের অর্থায়নে মসজিদ-মন্দির সংস্কার ও নলকূপ (টিউবওয়েল) বরাদ্দ দেওয়ার কথা বলে আবেদনকারীদের কাছ থেকে ৫০ শতাংশ কমিশন ও মোটা অঙ্কের ঘুষ দাবি করা হচ্ছে। একইসঙ্গে স্থানীয় জনগণের কাছ থেকে ইউনিয়ন পরিষদের কর বা ট্যাক্স আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগও করা হয়েছে।
এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আবেদনে ভিজিডি, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের আরও দাবি, ইউনিয়ন পরিষদের কোনো আনুষ্ঠানিক সভা বা মিটিং না ডেকেই উন্নয়ন সহায়তা তহবিলের বিভিন্ন প্রকল্প একক সিদ্ধান্তে গ্রহণ করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দ পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় ঠিকাদার ও ব্যক্তিদের কাছ থেকেও বিপুল অঙ্কের টাকা দাবি করার অভিযোগ আনা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, এসব অনিয়ম ও দুর্নীতির কারণে ইউনিয়নের সাধারণ নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
এ অবস্থায় আবেদনে উত্থাপিত অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে আবু সাঈদ আকনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম সচল রাখার স্বার্থে সরকারি বিধি অনুযায়ী ১ নম্বর প্যানেল চেয়ারম্যান পরিবর্তন অথবা একজন উপযুক্ত প্রশাসক নিয়োগের আবেদন জানানো হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আকনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা