সাতক্ষীরার কলারোয়ায় স্থানীয় উদীয়মান খেলোয়াড়দের উৎসাহ প্রদান ও ক্রীড়া চর্চার মান উন্নয়নের লক্ষ্যে ফুটবল বুট ও জার্সি বিতরণ করা হয়েছে।
আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফুটবলারদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। গ্রামগঞ্জের প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ ও পৃষ্ঠপোষকতা করা হলে তারা জাতীয় পর্যায়েও সুনাম কুড়িয়ে আনবে।” তিনি স্থানীয় খেলাধুলার প্রসারে ভবিষ্যতেও এ ধরনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:সহকারী কমিশনার (ভূমি): সিরাজুস সালেহীন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: এস এম সোহেল,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব: মীর রফিকুল ইসলাম,ক্রীড়া সংগঠক: রেজাউল করিম লাভলু,রেফারি: মিয়া ফারুক হোসেন স্বপন,ফুটবল কোচ: মাসুদুর রহমানসহ স্থানীয় ক্রীড়া অনুরাগী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপহার সামগ্রী গ্রহণ করে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।