খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত রবিবার (১৭ মে) দিবাগত রাত (অর্থাৎ ১৮ মে সোমবার) আনুমানিক ২টার দিকে উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গিলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ভবতোষ মৃধা ওই গ্রামের মৃত অরবিন্দ মৃধার ছেলে। তিনি স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসী’র স্বত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ভবতোষ মৃধার বসত ঘরের অ্যালবেস্টারের বেড়ার নিচের মাটি সরিয়ে (সিঁধ কেটে) ঘরের ভেতরে প্রবেশ করে। টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে দুর্বৃত্তরা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় জায়গীরমহল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয়। এ সময় স্বামীকে বাঁচাতে নিহতের স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
নিহতের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন,
"এর আগেও দুই-তিন দিন আগে চোরেরা চুরির উদ্দেশ্যে আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু আমরা টের পেয়ে যাওয়ায় তারা পালিয়ে যায়। গতরাতেও যখন ঘরের ভেতর লোক ঢোকে, আমরা বুঝতে পারি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা আমার স্বামীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আমাদের চোখের সামনে ওনাকে শেষ করে দিল। আমি এই খুনিদের ফাঁসি চাই।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢুকে বাধা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে, তবে অন্য কোনো শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর গিলাবাড়ি বাজারসহ গোটা মহেশ্বরীপুর ইউনিয়ন জুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা