পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গত সোমবার (৩১ আগস্ট) বাদ জোহর কমলগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি ভানুগাছ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল ১০টা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত কমলগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। র্যালিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে অতিথিবৃন্দ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, লতিফিয়া কারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, প্রশাসন, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করেন।
র্যালি বাস্তবায়ন কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ক্বারী মনজুর আহমদ ও সদস্যসচিব রাসেল আহমদ এক বিবৃতিতে র্যালিতে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিবৃতিতে তাঁরা বলেন, র্যালিকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে দেশ-বিদেশ থেকে যারা নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।আয়োজকেরা মহান আল্লাহর দরবারে সবার সহযোগিতা কবুল এবং উত্তম বিনিময় দানের জন্য দোয়া করেন।