কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সম্পাদক, যুগ্ম সম্পাদক ও অর্থ সম্পাদক পদে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মিঠুন চক্রবর্তী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আবুল কাসেম পেয়েছেন ১৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মং থোয়েন এ। অপর প্রার্থী ইমরানুল হক পেয়েছেন ২৪ ভোট। অর্থ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ হারুনুর রশিদ।তার প্রতিদ্বন্দ্বী জান্নাতুন নাঈম পেয়েছেন ১৬ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সহকর্মী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সম্পাদক মিঠুন চক্রবর্তী বলেন, “সহকর্মী শিক্ষকবৃন্দ আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শিক্ষক পরিষদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা, শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং কলেজের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিক্ষক পরিষদকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।”
নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মং থোয়েন এ বলেন, “এ বিজয় ব্যক্তিগত নয়, এটি সকল শিক্ষকের প্রত্যাশার প্রতিফলন। শিক্ষক পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষক-শিক্ষকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিভিন্ন গঠনমূলক উদ্যোগ বাস্তবায়নে আমি আন্তরিকভাবে দায়িত্ব পালন করব।”
নবনির্বাচিত অর্থ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, “সহকর্মীদের সমর্থন ও ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। শিক্ষক পরিষদের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতায় দায়িত্ব পালনের প্রত্যাশা করছি।”
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের অভিনন্দন জানান সহকর্মী শিক্ষকরা। একই সঙ্গে কলেজের একাডেমিক পরিবেশ উন্নয়ন, শিক্ষক-কর্মকর্তাদের কল্যাণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রযাত্রায় নবনির্বাচিত পরিষদের সফলতা কামনা করেন তারা।
উল্লেখ্য, কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ এর ফলাফল নির্বাচন কমিশনার কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা