ঢাকা, ২৯ জুন ২০২৬
হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি সদয় আছেন। গত ১২ তারিখের নির্বাচনে ভোট দিয়ে যে সরকার আপনারা নিয়ে এসেছেন, সে সরকার সবসময় আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, ধর্ম যার যার থাকবে, সবাই মিলে একসাথে কাজ করবো, সম অধিকার বজায় রাখবো। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সামনে এগিয়ে যাব। প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানের মধ্যে আমরা যে অগ্ৰযাত্রা দেখতে পাচ্ছি, আমরা তা সম্পন্ন করতে পারবো আশা করি।”
আজ সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম -৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের জাতীয় সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের এ প্রকল্প সম্পর্কে আরো বলেন, প্রকল্পে যে মডিউল আছে সেখানে জীবনের কথা আছে, সমাজের কথা আছে, দেশের কথা আছে, আন্তর্জাতিকতার কথা আছে এবং কিভাবে চলতে হবে তার কথা আছে। তিনি এই প্রকল্প সামনে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ,এনডিসি’র সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মুহাম্মদ শাহাদাত হোসাইন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও।
এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।