ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতারা। গত (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস।
সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য বিস্তারের নীতির কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতা ও সহিংসতা বাড়ছে। বিশেষ করে ইরান ও ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সামরিক আগ্রাসনে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন।
তারা বলেন, নারী, শিশু ও সাধারণ মানুষের মৃত্যু আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। অথচ এসব অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠলে তা আবার ‘সন্ত্রাসবাদ’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা বিশ্বব্যবস্থায় এক ধরনের দ্বৈত মানদণ্ডের বহিঃপ্রকাশ।
বক্তারা আরও বলেন, এমন একটি বিশ্বব্যবস্থা গড়ে উঠতে হবে যেখানে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অন্য রাষ্ট্রের ওপর সামরিক হামলা চালাতে পারবে না। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে হামলা বন্ধ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুস্বপন কৃষ্ণ বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট হারাধন চন্দ্র দে, জেলা সহসভাপতি অ্যাডভোকেট দ্বীপক চৌধুরী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার উল আলম চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন বিপ্লু, সহসভাপতি অ্যাডভোকেট তুতুল বাহার, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকবর মাহমুদ, অ্যাডভোকেট তুহিন, অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, অ্যাডভোকেট শওকত ও অ্যাডভোকেট নকিবসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন দৈনিক বিজয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক ইমতিয়াজ ফারুকী ও সাংবাদিক গোলাম কিবরিয়া শিপন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা