বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ডিএনসি বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. সুমন চৌধুরী (৩২)। তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার লকু সিভিল কলোনি এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে ডিএনসির চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা