জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দীর্ঘ ৪০ বছর ধরে অবহেলিত একটি কাঁচা রাস্তায় অবশেষে ইটের সোলিং (এইচবিবি) করে নির্মাণকাজ শুরু হয়েছে। এই রাস্তা নির্মাণের ফলে ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ভেবলা একতা মোড় থেকে শুরু করে প্রায় ৪০১ মিটার দৈর্ঘ্যের এইচবিবি করণ রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়তো এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি চরমে পৌঁছাত। বিগত ৪০ বছরে রাস্তাটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কাজ না হওয়ায় স্থানীয় মানুষজন চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন।
দীর্ঘদিনের এই সমস্যার কথা জানাতে এলাকাবাসী ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ-এর কাছে গেলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। পরে তিনি ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ-কে বিষয়টি অবহিত করেন। উভয়ের পারস্পরিক পরামর্শ ও উদ্যোগে রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়।
পরবর্তীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির সাধারণ (১ম ও ২য় পর্যায়) এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে রাস্তাটির এইচবিবি করণ কাজের অনুমোদন প্রদান করা হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য আজাফফর হোসেন রাজা, ইউপি সদস্য ফরহাদ হোসেন, আঃ মজিদ মিয়া, জহুরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মোছাঃ হ্যাপি বেগম, আছিয়া বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ভোগান্তি বহুলাংশে কমে আসবে।
প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য আজাফফর হোসেন রাজা বলেন, “ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের সহযোগিতায় এবং ভাটারা ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিছের নেতৃত্বে ৪০ বছরের অবহেলিত এই কাঁচা রাস্তাটির অবশেষে উন্নয়ন কাজ শুরু হয়েছে।এর জন্য আমরা এলাকাবাসী দুই চেয়ারম্যানের জন্য দোয়া করি।”
এসময় ভেবলা গ্রামের মানুষ নতুন এইচবিবি রাস্তা নির্মাণে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটিতে কখনো উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। এলাকাবাসী আশা প্রকাশ করেন, নির্ধারিত মান ও নিয়ম মেনে কাজটি সঠিকভাবে সম্পন্ন হলে এই রাস্তা এলাকার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বহুদিনের প্রত্যাশা পূরণ হবে।