টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. জাকির হোসেনের মরদেহ দেশে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গজারিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল মিয়ার একমাত্র ছেলে মো. জাকির হোসেন প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া যান। গত ২৪ জুন চিকিৎসার জন্য একটি হাসপাতালে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ঠান্ডাজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার সকালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে পৌঁছায়। পরে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে সকাল সাড়ে ১০টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছে দিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং সার্বিক তদারকি ও সহযোগিতা প্রদান করেন।
প্রবাসী যুবকের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।