রংপুর মহানগরীতে অকটেন পরিমাপে অনিয়মের অভিযোগে মেসার্স ওমর আলী ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতি ১০ লিটার অকটেনের বিপরীতে ৫৮০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি শনাক্ত করা হয়।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে মহানগরীর সাথমাথা, মাহীগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স ওমর আলী ফিলিং স্টেশনে অকটেনের পরিমাপ যাচাই করা হয়। এ সময় প্রতি ১০ লিটার অকটেন সরবরাহের ক্ষেত্রে ৫৮০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবীব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, জ্বালানি তেল বিক্রিতে সঠিক পরিমাপ নিশ্চিত এবং পণ্যের মান বজায় রাখতে নিয়মিতভাবে ফিলিং স্টেশনগুলোতে পরিদর্শন ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর জানিয়েছে, জনস্বার্থে সঠিক পরিমাপ ও মান নিশ্চিত করতে মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।