ময়মনসিংহ ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের সঙ্গে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ময়মনসিংহ গণপূর্ত ভবন চত্বরে এ মতবিনয় সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-০৪ আসনের সংসদ সদস্য মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান অতিথি বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ হল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সংস্থা যা ময়মনসিংহ শহর ও আশেপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নে কাজ করবে। একই সাথে অপরিকল্পিত নগরায় রোধ,আধুনিক ও দুর্যোগ সহনশীল নগর গড়ে তোলা এবং পরিবেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার কাজ করবে। তিনি আরো বলেন, প্রাচীনতম এই শহরকে বাসযোগ্য ও আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য এই শহরের প্রত্যেকটি নাগরিকের একান্ত আন্তরিকতার প্রয়োজন। আমরা যদি সকলেই আমাদের নিজেদের শহরকে ভালোবেসে যার যার অবস্থান থেকে কাজ করি তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে আমরা একটি সুপরিকল্পিত শহর উপহার দিতে পারব।
সভায় ডেভেলপার ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা জানান, কার্যকর বাস্তবায়ন ও স্বচ্ছতা বজায় থাকলে ময়মনসিংহ দ্রুত একটি আধুনিক ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তরিত হতে পারবে। সে ক্ষেত্রে শহরের ড্রেনেজ, সড়ক অবকাঠামো এবং ইমারত তৈরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি করা যেতে পারে। যাতে করে ভবন মালিকরা তাদের ভবন তৈরি ক্ষেত্রে একটি সঠিক ধারণার উপর ভিত্তি করে ভবন তৈরি করতে পারে।
সভাপতি বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো পরিকল্পিত নগরায়ন, ভূমির সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা। সুপরিকল্পিত নগর গড়ে তুলার লক্ষ্যে আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে। আজকের এই সভার অন্যতম কারণ হচ্ছে ময়মনসিংহ শহরকে বসবাসযোগ্য ও সুপরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সে বিষয়ে আপনাদের পরামর্শ ও মতামত গ্রহণ করার জন্য। এই শহর আপনার, আমার,সবার আসুন আমরা সবাই মিলে এই শহরকে একটি সুন্দর,পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলি।
এছাড়াও মতবিনয় সভায় আরো উপস্থিত ছিলেন, বিসি (বিল্ডিং কন্সট্রাকশন) কমিটির সদস্যবৃন্দসহ, অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী বৃন্দ।