বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. তারেক হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার এম.পি ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং এম.পি ডাঙ্গী সংলগ্ন পদ্মা নদীর পাড়ের বিভিন্ন পয়েন্টে সৌন্দর্যবর্ধনকারী কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে ছাত্রনেতা মো. তারেক হোসাইন বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পদ্মা নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও ভূমিক্ষয় রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত থেকে এই পরিবেশবান্ধব উদ্যোগে সংহতি প্রকাশ করেন। ডালপালা মেলে কৃষ্ণচূড়ার রক্তিম রূপ যেন চরভদ্রাসনের রূপ আরও বাড়িয়ে তোলে—এমন প্রত্যাশা নিয়ে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান উদ্যোক্তারা।